সুন্দরগঞ্জে প্রতিপক্ষের বাড়ি-দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে প্রতিপক্ষের বাড়ি-দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার ও দোকানের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসএম সরওয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তি সুন্দরগঞ্জ থানায় এজাহার দিয়েছেন। তাঁর দাবি, হামলায় প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্। ভুক্তভোগী সরওয়ার হোসেন সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে সরওয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষরা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

অভিযোগে বলা হয়, শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে ফজলুল হক, ছকু মিয়া ও সাজু মিয়াসহ নামীয় ২৬ জন এবং অজ্ঞাত আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বসতবাড়ি ও ভাড়া দেওয়া দোকানে ব্যাপক ভাঙচুর চালায়।

হামলাকারীরা শয়নকক্ষের আলমারির তালা ভেঙে জমি বিক্রির জমানো ৭ লাখ ৮০ হাজার টাকা এবং প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া পাশের দোকানে ঢুকে সিগারেট, কোমলপানীয়, দই-কেকসহ ৩০ হাজার টাকার মালামাল ও বসতঘরের বারান্দার টিন-সিঁড়ি খুলে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ও তাঁর পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রতিপক্ষরা হুমকি দিয়ে কেটে পড়ে।

তবে চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. জলিল মিয়া বলেন, “আমরা ওই জমি পাই। বিরোধপূর্ণ জমিতে অবৈধভাবে ঘর তোলায় বাধা দিতে গিয়েছিলাম মাত্র।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন