ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করব: ডিএনসিসি প্রশাসক

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করব: ডিএনসিসি প্রশাসক

সকালবেলা অনলাইন: ঢাকার প্রতিটি ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। মিরপুরের মতো পুরো রাজধানী জুড়েই এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে ‘জুলাই গ্রাফিতি’ কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক এই মন্তব্য করেন।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, যত বাধাই আসুক না কেন, পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ফুটপাত দখলমুক্ত রাখা হবে। কোনো প্রভাবশালী গোষ্ঠী যদি পুনরায় ফুটপাত দখলের ষড়যন্ত্র করে, তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, এই সরকার সর্বদাই জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করতে চায়। সাধারণ জনগণ যা চাইবে না, সিটি করপোরেশন সে ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না।

ফুটপাত আধুনিকায়ন ও সুন্দরায়ন প্রসঙ্গে প্রশাসক জানান, নগরীর ফুটপাতে সবুজায়নের কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া ফুটপাতগুলো দ্রত সংস্কার করে দৃষ্টিনন্দন ও পথচারীবান্ধব করে গড়ে তোলা হবে।

এআইএল/সকালবেলা