বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
জাতীয় প্রেসক্লাবে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ভাষার সঙ্গে বর্তমান বিরোধীদলের রাজনৈতিক বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিরোধীদলের নেতারাও এখন আওয়ামী লীগের মতো করে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল ও অস্থির রাখতে চাইছেন। তাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক অবস্থানে আওয়ামী লীগের চিন্তাভাবনার প্রতিফলন স্পষ্ট।”

আজ সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ওঠা বিভিন্ন বিতর্কের জবাব দিতে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংসদে ইতোমধ্যে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে জুলাই সনদ প্রণয়ন করেছিল, যা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—বিরোধী পক্ষ থেকে আসা এমন অভিযোগের তীব্র বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি জুলাই সনদের প্রতিটি বিষয় ও অক্ষরের বাস্তবায়নে শতভাগ আন্তরিক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গত ১৭ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা, গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।”

নির্বাচন পরবর্তী অবস্থান নিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বিএনপি জনগণের বিপুল রায়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। গণভোটের চারটি প্রস্তাবনার মধ্যে তিনটিতে বিএনপির পূর্ণ সমর্থন ছিল এবং একটি বিষয়ে কিছুটা ভিন্নমত ছিল, যা গণতান্ত্রিক চর্চারই অংশ। শব্দচয়ন নিয়ে কোনো দ্বিধা থাকলে তা রাজপথে না এনে সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

বিরোধীদলের উদ্দেশে আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “সংসদ বর্জন বা বাইরে হইচই না করে বিরোধীদলকে সংসদের ভেতরে এসে তাঁদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্রকে টেকসই করতে হলে সংসদকে কার্যকর করার বিকল্প নেই।” বক্তব্যে তিনি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানান।

মন্তব্য করুন