কটিয়াদীতে অবৈধ চুনাপাথর কারখানা উচ্ছেদ

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
কটিয়াদীতে অবৈধ চুনাপাথর কারখানা উচ্ছেদ

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা বানচাল করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি চুনাপাথর কারখানার ৩টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চুনাপাথর।

অভিযানের সময় কারখানার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে এই যৌথ অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাসের মূল পাইপলাইনের এক স্থান থেকে পানির নিচে গ্যাসের বুদবুদ উঠতে দেখে স্থানীয়রা তিতাস কর্তৃপক্ষকে খবর দেন। তদন্তে অবৈধভাবে সংযোগ কাটার চেষ্টার প্রমাণ পান প্রকৌশলীরা। বর্তমানে সেখানে লিকেজ মেরামতের কাজ চলছে।

মসূয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, কারখানাটি স্থাপনে কোনো ট্রেড লাইসেন্স বা অনুমতি নেওয়া হয়নি।

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা জানান, অবৈধ গ্যাস ব্যবহারের উদ্দেশ্যে গড়ে তোলা চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত মালামাল স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন