বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক।

বাংলাদেশের উদীয়মান জ্বালানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং উভয় দেশের সরকারের মধ্যে (জি-টু-জি) দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক এই অগ্রগতি বাড়তি গুরুত্ব বহন করছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে তাঁর দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান। বৈঠকে তাঁর সঙ্গে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বসকিও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিষদ বিবরণ নিশ্চিত করা হয়।

দ্বিপাক্ষিক এই উচ্চপর্যায়ের বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশের জ্বালানি খাতের বিদ্যমান চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা সুসংহত করার কৌশলগত উপায় নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও অবকাঠামো খাতের পরিধি বিস্তারে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন টেকসই প্রযুক্তি ও বেসরকারি খাতের বিনিয়োগকে স্বাগত জানান। অন্যদিকে মার্কিন দূতাবাসের প্রতিনিধিগণ বাংলাদেশের বিদ্যুৎ খাতের সংস্কার ও বর্তমান বিনিয়োগবান্ধব কাঠামোর প্রশংসা করে আগামী দিনে জ্বালানি নিরাপত্তায় অংশীদারিত্ব আরও জোরদার করার দৃঢ় আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন