পল্লবীতে শিশু হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
পল্লবীতে শিশু হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এই ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি সোহেল ইতিমধ্যে আদালতে জবানবন্দিও দিয়েছেন। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে। বাকি বিচারের দায়িত্ব আদালতের।"

বিচারহীনতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "মানুষ সব সময় বিচারহীনতার কথা বলে থাকে, তবে তা সব ক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয় বলে মানুষ মনে করে বিচার পাবে না। কিন্তু এই ধরনের অপরাধে দ্রুত আইনি ও বিচারিক ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায়ও দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে।"

এর আগে গত মঙ্গলবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মন্তব্য করুন