মুকসুদপুরে জমি নিয়ে বিরোধে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীরের বড় ভারটায় ৩৪ শতাংশ খাসজমির মালিকানা ও নামজারি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও সুরক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বড়ভাটরা মৌজার ৩৪ শতাংশ জমি তাঁদের দাদা বাহের শেখের নামে একসনা বন্দোবস্তের আওতায় ছিল। তবে নীলকণ্ঠ মণ্ডল ও তাঁর ভাই কথিত জাল কাগজের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করে পরবর্তীতে জামাল হোসেন বেপারী ও সাবিনা বেগমের কাছে বিক্রি করেন। এখন সেই নতুন দাবিদাররা ওয়ারিশদের ওপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করছে।
ভুক্তভোগী লাবনী আক্তার থানায় লিখিত অভিযোগে জানান, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্বামী নাসির উদ্দিন শেখকে বেধড়ক মারধর করে। এ সময় শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আঘাতপ্রাপ্তরা বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনায় প্রতিকার ও সঠিক তদন্ত চেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত নীলকণ্ঠ মণ্ডল ও জামাল হোসেন বেপারীসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা