নিষিদ্ধ সময়ে কর্তন , ৯ হাজার বাঁশ জব্দ
ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদমে মাতামুহুরী রিজার্ভে বাঁশ আহরণের নিষিদ্ধ সময়ে বিপুল পরিমাণ বাঁশ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নদীপথে পাচারের সময় প্রায় ৯ হাজার বাঁশ জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস মাতামুহুরী রিজার্ভ থেকে বাঁশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সম্প্রতি নিষিদ্ধ সময় অমান্য করে রিজার্ভের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বাঁশ কেটে নদীপথে পাচারের জন্য মজুত করা হয়। স্থানীয়দের অভিযোগ, সদ্য বদলি হওয়া মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা এবং চকরিয়ার কতিপয় বাঁশ ব্যবসায়ীর যোগসাজশে এই অবৈধ বাণিজ্য চলেছে।
ঘটনার বিবরণ পেয়ে আলীকদম সেনা জোনের কানা মার্ঝি আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে নদীপথে পাচারকালে প্রায় ৯ হাজার বাঁশ জব্দ করে বন বিভাগের তৈন রেঞ্জের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল হক জানান, সেনা জোন কর্তৃক হস্তান্তরিত জব্দ করা বাঁশগুলো বর্তমানে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে সরকারি রিজার্ভ থেকে বাঁশ কাটা ও পাচারে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এআইএল/সকালবেলা