১৬ আগস্ট কটিয়াদীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যে কটিয়াদীসহ পুরো কিশোরগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সেরা মৎস্যচাষীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানস্থল প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক আয়োজন সফল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সফরের খবর প্রকাশের পর থেকেই কটিয়াদীসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কিশোরগঞ্জের সামগ্রিক উন্নয়ন, মৎস্য খাতের সম্প্রসারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সফরকে স্বাগত জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রকাশ করছেন স্থানীয়রা।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “কটিয়াদীতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সরকারি হ্যাচারি রয়েছে। সেখান থেকেই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে দেশের সেরা মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এটি কিশোরগঞ্জবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। জাতীয় পর্যায়ের এত বড় একটি কর্মসূচির জন্য কটিয়াদীকে নির্বাচন করায় আমরা আনন্দিত।”
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ) বলেন, “১৯৯৪ সালে দেশনেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কটিয়াদী সফর করেছিলেন। দীর্ঘ সময় পর এবার তাঁরই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এলাকায় আসছেন। এটি কটিয়াদীবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত। আমরা চাই তাঁর এই সফর সফল ও ঐতিহাসিক হোক।”
স্থানীয় সচেতন মহলের মতে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধনের জন্য কটিয়াদীকে নির্বাচন করা উপজেলাটির জন্য একটি বড় স্বীকৃতি। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কটিয়াদী ও কিশোরগঞ্জ জাতীয় পর্যায়ে নতুনভাবে মূল্যায়িত হবে এবং এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এআইএল/সকালবেলা
|