দুস্থ নারীর সহায়তায় মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন
মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মানবিক সহায়তার অংশ হিসেবে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুজন অসহায় ও দুস্থ নারীকে মোট ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের অর্থ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত থেকে অসহায় নারীদের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেন।
আর্থিক অনুদান বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ এই দুই নারীকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হলো। জেলা প্রশাসকের কার্যালয়ে দুই নারীর হাতে এই অনুদান তুলে দেওয়ার উদ্যোগটি এলাকাজুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এআইএল/সকালবেলা
|