বিজয়নগরে মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
বিজয়নগরে মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল স্কাফ সিরাপ এবং ১৬ কেজি গাঁজা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টা ৫ মিনিটের দিকে বিজয়নগর থানা পুলিশের একটি টিম ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে। এ সময় চিহ্নিত এক মাদক কারবারির বসতঘরে তল্লাশি চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় পশ্চিম মেরাশানী এলাকার মোঃ সুজন আহমেদের ছেলে মোঃ শাকিল আহমেদকে।

এর কিছু সময় পর, রাত ১০টা ৩০ মিনিটে একই ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায় পুলিশ। সেখান থেকে ১৬ কেজি গাঁজাসহ আরও ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জের মাধবপুর থানার (বর্তমানে বিজয়নগরের সিঙ্গারবিল মধ্যপাড়া নিবাসী) মৃত সফর আলীর ছেলে মোঃ খোকন মিয়া, গাইবান্ধার পলাশবাড়ি থানার (বর্তমানে ঢাকার মিরপুর-১ নিবাসী) মোঃ সোহাগ মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার (বর্তমানে ঢাকার মিরপুর-১ নিবাসী) মৃত আরব আলী বেপারীর ছেলে মোঃ সোহাগ মিয়া।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মোঃ মিলন মিয়া একজন পেশাদার ও তালিকাভুক্ত অপরাধী। তাঁর বিরুদ্ধে এর আগেও ৪টি মাদক মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন