ভারী বর্ষণে সরিষাবাড়ীর সড়ক ধস, দুর্ভোগে ৫ হাজার মানুষ
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার থেকে চরহরিপুর গ্রামের সংযোগ সড়কের একটি অংশ টানা ভারী বর্ষণের ফলে ধসে পড়েছে। এতে চরহরিপুর গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর একমাত্র ভরসার এই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জরুরি স্বাস্থ্যসেবাসহ দৈনন্দিন জীবনের নানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) টানা বর্ষণের জেরে সড়কটির এই বেহাল দশা তৈরি হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কের একটি অংশ ধসে গিয়ে বড় ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের ছোট-বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বাধ্য হয়ে সাধারণ মানুষ ও শিশু-বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন।
চরহরিপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাবতলী বাজার ও উপজেলা সদরে যাতায়াত করেন। সড়কটি ভেঙে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চরম বিঘ্ন ঘটছে। পাশাপাশি কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে পারছেন না এবং মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত টেকসই সংস্কারকাজ শুরু না হলে চলমান বর্ষণে সড়কের আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে পুরো গ্রামটি উপজেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, “টানা ভারী বর্ষণে চরহরিপুর গ্রামের সংযোগ সড়কের একটি অংশ ধসে যাওয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। জনদুর্ভোগ লাঘবে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এআইএল/সকালবেলা
|