মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনতার উচ্ছ্বাস

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনতার উচ্ছ্বাস

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: সড়কপথে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ভাঙ্গা নামক এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পৌঁছালে রাস্তার দুপাশে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ সময় হাততালি ও স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

আজ সোমবার (১৩ জুলাই) ঢাকা থেকে রওনা হয়ে মহাসড়ক ধরে যাওয়ার পথে এই অভূতপূর্ব গণজোয়ারের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মহাসড়কে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই হাজার হাজার জনতা রাস্তার দুপাশে এসে ভিড় জমান। জনতার বাঁধভাঙা জোয়ারে পুরো এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না।

উক্ত পথসভা ও গণজমায়তে গোপালগঞ্জ জেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুকসুদপুরের ভাঙ্গা এলাকায় গাড়িবহর ধীরগতিতে অগ্রসর হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে উৎসুক ও ভালোবাসায় সিক্ত জনতাকে স্বাগত জানান এবং তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে হাত নেড়ে ভবিষ্যতে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জ জেলাজুড়ে আনুষ্ঠানিক সফরের প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসে উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা যায়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন