সরকার বন্যাদুর্গতদের পাশে আছে ও থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বানভাসি মানুষের যেকোনো জরুরি প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও খাদ্যসহায়তা অব্যাহত রাখা হবে।
আজ সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে গিয়ে এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী দুর্গত মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, "আমরা জানি, গত সাত দিন ধরে আপনারা পানিবন্দি অবস্থায় চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন এই প্রাকৃতিক দুর্যোগ দ্রুত কেটে যায়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি—প্রতিটি দুর্গত, অসহায় ও নিরন্ন মানুষের দোরগোড়ায় সরকার ইনশাআল্লাহ প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেবে।"
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শুধু বন্যাকালীন খাদ্য সহায়তাই নয়, পানি নেমে যাওয়ার পর যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের জন্যও সরকারের পক্ষ থেকে টিন ও আর্থিক অনুদান দেওয়া হবে। এ ছাড়া যেসব কৃষকের ফসলের মাঠ নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, "উপজেলা ও জেলা প্রশাসন বন্যার প্রথম দিন থেকেই দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্যও শুরু থেকেই মাঠে রয়েছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এসেছি এই কার্যক্রমের সমন্বয় আরও জোরদার করতে এবং আপনাদের পাশে থাকার সরকারি বার্তা পৌঁছে দিতে।"
তিনি বলেন, দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি বিমান বাহিনীও হেলিকপ্টারের মাধ্যমে খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এ জন্য তিনি দেশের সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাতকানিয়ার স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|