ছেলের বিয়ের বায়না: মায়ের বিষপানে আত্মহত্যা

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
ছেলের বিয়ের বায়না: মায়ের বিষপানে আত্মহত্যা

মো. মোক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিয়ের বায়না ধরা কিশোর ছেলের সাথে অভিমান করে মোসাঃ হাজেরা খাতুন (৪৫) নামে এক হতভাগ্য মা কীটনাশক (বিষ) পানে আত্মহত্যা করেছেন।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ফতেপুর গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের বাসিন্দা রজ্জব আলী মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার চালিয়ে স্ত্রী হাজেরা খাতুন, দুই কন্যা ও একমাত্র কিশোর পুত্র সজিবকে (১৫) নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। টানাপোড়েনের এই অভাবের সংসারে ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক ছেলে সজীব কিছুদিন ধরে বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। সে প্রতিনিয়ত মায়ের কাছে বিয়ে করার জন্য জেদ ও বায়না ধরে আসছিল।

প্রতিদিনের ধারাবাহিকতায় আজ দুপুরেও সজীব তার মায়ের সাথে বিয়ে নিয়ে তীব্র বাকবিতণ্ডা ও তর্কে জড়িয়ে পড়ে। অভাবের মাঝে অপ্রাপ্তবয়স্ক ছেলের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে একপর্যায়ে চরম অতিষ্ঠ, তিক্ত ও বিরক্ত হয়ে হাজেরা খাতুন ঘরে থাকা চাষাবাদের কীটনাশক পান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত হাজেরা খাতুন পার্শ্ববর্তী এলাহিনগর গ্রামের সাহেব আলীর কন্যা বলে জানা গেছে।

সোনারগাঁ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন