২২ বছরের সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে উধাও পুতুল

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
২২ বছরের সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে উধাও পুতুল

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: প্রেমের অমোঘ আকর্ষণে মজে ২২ বছরের স্বামীর সংসার ও দুই সন্তান ফেলে ২৩ বছরের এক যুবকের হাত ধরে ৪০ বছর বয়সী এক নারী নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফেনীর সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়ার এই ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিখোঁজ হাজেরা আক্তার পুতুল ছাগলনাইয়া পৌর এলাকার কলেজ রোডের এস আলম টাওয়ারের ছয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল পারিবারিক পছন্দে ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর কাজীবাড়ীর আনিসুর রহমানের সঙ্গে পুতুলের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি ছেলে (বর্তমানে প্রবাসী) ও একটি মেয়ে (অনার্স পড়ুয়া) রয়েছে। স্বামী চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। সম্প্রতি পুতুল মোবাইল ফোনের মাধ্যমে চাঁদপুরের ফরিদগঞ্জের সুজন (২৩) নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

গত ৭ জুলাই সকালে অনার্স পড়ুয়া মেয়েকে “বাজারে যাচ্ছি” বলে পুতুল বাসা থেকে বের হন। যাওয়ার সময় তিনি মেয়ের বিয়ের জন্য সঞ্চিত ৫ ভরি স্বর্ণালংকার এবং প্রবাসী ছেলে ও স্বামীর পাঠানো নগদ অর্থ সঙ্গে নিয়ে যান। এরপর থেকেই তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ রয়েছে।

মায়ের সন্ধান না পেয়ে মেয়ে বিষয়টি ঢাকা ও প্রবাসে থাকা বাবা-ভাইকে জানান। স্বামী আনিসুর রহমান ঢাকা থেকে দ্রুত ছাগলনাইয়ায় এসে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রী পুতুল গত ৭ জুলাই ছাগলনাইয়ার এক আইনজীবীর মাধ্যমে তাঁকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। মূলত এক বছর ধরে চলা চাঁদপুরের প্রেমিক সুজনের কাছে চলে যেতেই তিনি ঘর ছেড়েছেন।

বাসার আলমারি ও ব্যাংকে রক্ষিত টাকা-পয়সা এবং গহনা না পেয়ে অবশেষে অনার্স পড়ুয়া মেয়ে নিজেই বাদী হয়ে মা হাজেরা আক্তার পুতুলের বিরুদ্ধে ছাগলনাইয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের জানান, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা নিখোঁজ নারী ও অর্থ উদ্ধারে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন