মণিরামপুরের ঝাপায় কাঁচা সড়কে চরম দুর্ভোগ
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা পূর্ব ভাসমান সেতু থেকে দক্ষিণ মিস্ত্রীপাড়া হয়ে ঝাপা বাজার পর্যন্ত দীর্ঘ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এই সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হচ্ছে। কোথাও কোথাও বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশের অধিকাংশ এলাকায় কাঁচা রাস্তা পাকা হলেও ঝাপার এই সড়কটি অবহেলিতই রয়ে গেছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই রাস্তাজুড়ে হাঁটু সমান কাদা জমে যায়। জরুরি প্রয়োজনে কোনো ভ্যান বা ইজিবাইক পাওয়া যায় না। বিশেষ করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে চরম সংকটে পড়তে হয়।
ঝাপা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের জামায়াতের সভাপতি অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে সংসদ সদস্য গাজী এনামুল হক রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
স্থানীয়দের জোর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি পাকা করে চলাচল উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জরুরি উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, “ঝাপা এলাকার ওই সড়কের বিষয়টি আমার নজরে রয়েছে। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা আমি জানি। খুব দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ, সড়কটি উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়।”
এআইএল/সকালবেলা
|