ফ্রান্সকে হারালে ইতালির বিশ্বরেকর্ড স্পর্শ করবে স্পেন
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এ টানা তৃতীয়বারের মতো কোয়ালিফাই করতে পারেনি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০১৪ সালের পর থেকে বিশ্বকাপের মূল মঞ্চে আজ্জুরিদের দেখা না মিললেও, চলতি বিশ্বকাপে তারা বারবার প্রাসঙ্গিক হয়ে উঠছে এক অনন্য ফুটবল কীর্তির কারণে। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য বিশ্বরেকর্ডটি এখনও ইতালির দখলে। তবে আজ রাতেই তাদের সেই ঐতিহাসিক কীর্তিতে ভাগ বসানোর মোক্ষম সুযোগ পাচ্ছে স্পেন। এর জন্য তাদের প্রয়োজন মাত্র একটি জয়।
আজ রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় তুলে নিতে পারলে ‘এক ঢিলে দুই পাখি’ মারার দারুণ সুযোগ পাবে ২০১০ সালের বিশ্বকাপজয়ীরা। প্রথমত, তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করবে এবং দ্বিতীয়ত, ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পর্শ করবে।
ফুটবল ইতিহাসের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে টানা ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে বিশ্বরেকর্ডটি নিজেদের করে রেখেছে ইতালি। ২০১৮ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ প্রায় তিন বছর বিশ্ব ফুটবলের কোনো দল ইতালিকে হারাতে পারেনি।
অন্যদিকে, স্পেনের অপরাজিত যাত্রা শুরু হয়েছে ২০২৪ সালের ২৬ মার্চ থেকে। এরপর থেকে এখন পর্যন্ত টানা ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত রয়েছে ‘লা রোহা’রা। আজ রাতে ডালাসের মাঠে শক্তিশালী ফ্রান্সের রক্ষণভাগ ভেঙে জয় তুলে নিতে পারলে ইতালির পাশে যৌথভাবে সিংহাসনে বসবে স্পেন। আর সেটি করতে পারলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করবে তারা।
ইতালির এই পর্বতসম রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি এর আগে পৌঁছে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ৩৬টি ম্যাচে অপরাজিত থেকে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছিল আলবিসেলেস্তেরা। কিন্তু কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলের আকস্মিক হারে ৩৬ ম্যাচেই থমকে যায় আর্জেন্টিনার অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। ফলে রেকর্ড অক্ষুণ্ন থাকে ইতালির।
আজ রাতে স্পেনের সামনে সুযোগ এসেছে আর্জেন্টিনার সেই আক্ষেপ ঘুচিয়ে ইতালির পাশে বসার। তবে প্রতিপক্ষ যেখানে কিলিয়ান এমবাপ্পে ও আদ্রিয়াঁ রাবিওদের ফ্রান্স, সেখানে কাজটা মোটেও সহজ হবে না লামিনে ইয়ামালদের জন্য। মাঠের ফুটবল শৈলীতে স্পেন আজ ইতিহাস গড়তে পারে কি না, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
|