ফেসবুক স্ট্যাটাস নিয়ে হবিগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
ফেসবুক স্ট্যাটাস নিয়ে হবিগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে ও টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাতের অন্ধকারে উভয় পক্ষ নিজ নিজ গ্রামের মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তায় নেমে আসে। ঘুটঘুটে অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের শত শত মানুষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

সংঘর্ষের কারণে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ দুই ঘণ্টা সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে গভীর রাতে নারী ও শিশুসহ দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, টিয়ারশেল নিক্ষেপের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে নতুন করে উত্তেজনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সহিংসতার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন