প্রধানমন্ত্রীর গাড়িবহরে ‘হামলা’র গুঞ্জন উড়িয়ে দিল পুলিশ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ‘হামলা’র গুঞ্জন উড়িয়ে দিল পুলিশ

নাজমুল হাসান, মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপ বা হামলার কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে দেশজুড়ে যে বিভ্রান্তি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল, নিবিড় তদন্ত শেষে তার অবসান ঘটিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, এটি কোনো পরিকল্পিত হামলা বা ইট ছোঁড়ার ঘটনা ছিল না; মূলত সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপে রাস্তার ওপর পড়ে থাকা ইটের টুকরো ছিটকে এসে পেছনের নিরাপত্তা গাড়ির সামনে পড়েছিল।

গত সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের বহরের তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে আছড়ে পড়ে। এই দৃশ্য দেখার পর নেটিজেনদের একাংশ এটিকে ‘পরিকল্পিত হামলা’ বা ‘ইট নিক্ষেপ’ দাবি করে পোস্ট করতে শুরু করলে মুহূর্তেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

ভিডিওটি নজরে আসার পরপরই ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় অত্যন্ত গুরুত্বের সাথে মাঠে নামে পুলিশ, র‍্যাবসহ একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নাকচ করে গণমাধ্যমকে জানান, "বিষয়টি আমাদের নজরে আসার পর অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে। এটি কোনো ইট নিক্ষেপ বা হামলার ঘটনা ছিল না। মূলত রাস্তার ওপর পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগামী গাড়ির চাকার চাপে ছিটকে গিয়ে পেছনের নিরাপত্তা গাড়ির সামনে পড়েছিল।"

তিনি আরও স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বলয় অত্যন্ত নিশ্ছিদ্র ছিল এবং পুরো পথেই কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তাই এই ঘটনা নিয়ে সাধারণ মানুষকে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন