পররাষ্ট্রের সংসদীয় কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
আজ সোমবার (১৩ জুলাই) সংসদ সচিবালয়ের দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির প্রধান হিসেবে এখন থেকে তিনি নীতিনির্ধারণী দায়িত্ব পালন করবেন।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সরকারের প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হয়ে সফলতার সাথে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত জীবনে একজন দক্ষ আইনজীবী জহরত আদিব চৌধুরীকে এখন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত সংসদীয় তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নেতৃত্ব দিতে হবে।
সংসদীয় রেওয়াজ ও নিয়ম অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় স্বার্থে প্রয়োজনীয় নীতিগত সুপারিশ প্রদানের কাজ করে থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|