বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই: জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশে ফিরবেন’ বলে যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। জাহেদ উর রহমান বলেন, "আদালতে তাঁর (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। আমরা তো তাঁকে প্রত্যর্পণ করে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি যদি নিজে থেকে আসেন, তবে আমরা তাঁকে স্বাগত জানাব।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে আইনের শাসন মেনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম পরিচালিত হবে। দেশের মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন, আদালতে তাঁর যে মৃত্যুদণ্ড হয়েছে, তা যেন বহাল থাকে। জনগণ সেই রায় কার্যকর হতে দেখতে চায়।"
সরকার জনগণের মাঝে জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ও স্পিরিট ছড়িয়ে দিতে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, "ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির সক্রিয় হিস্যা ও অবদান রয়েছে। অত্যন্ত যথাযথ মর্যাদার সাথে জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণ ও পালন করা হবে।"
এআইএল/সকালবেলা
|