পাজেরো জিপে মদসহ কারবারি গ্রেফতার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: বিলাসবহুল পাজেরো জিপ গাড়ির আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাচার করার সময় বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদের একটি বড় চালানসহ মো. রাসেল হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস দল আজ সকালে ছলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই সড়ক দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন কালো রঙের বিলাসবহুল পাজেরো জিপ গাড়ির গতিরোধ করে পুলিশ। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটিতে তল্লাশি চালানো হলে ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাঝিরগাও গ্রামের মাইনউদ্দিন ওরফে দুলালের ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বসবাস করে আসছিল।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই মূলত বিলাসবহুল গাড়ি ব্যবহার করে এই মাদকের চালানটি পাচার করা হচ্ছিল। বিধি মোতাবেক উদ্ধারকৃত বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাজেরো জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|