সৈয়দপুরে সন্তানসহ প্রেমিকের সাথে পালালেন গৃহবধূ
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় নগদ ৪ লাখ টাকা ও দুই সন্তানসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন লাভলী খাতুন (৩৪) নামে এক গৃহবধূ। এই ঘটনার পর থেকে অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন তিনি। চাঞ্চল্যকর এই নিখোঁজের ঘটনাটি ঘটেছে সৈয়দপুর পৌর এলাকার হাতিখানা বানিয়াপাড়া গ্রামে।
অভিযুক্ত লাভলী খাতুন উপজেলার কামারপুকুরের কলাবাগান এলাকায় ‘রানু এগ্রো লিমিটেড’ নামের একটি জুট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিখোঁজ গৃহবধূর স্বামী মোঃ ঈসা অভিযোগ করে জানান, ওই জুট কারখানায় কাজ করার সুবাদে তাঁর স্ত্রী লাভলীর সাথে পাশ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর পন্ডিতপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে সহকর্মী মুকুল হোসেনের (৪০) পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৬ জুন শনিবার বিকেল আনুমানিক চারটার দিকে সৈয়দপুর পৌর এলাকার হাতিখানা বানিয়াপাড়ার নিজ বাড়ির সামনে থেকে দুই সন্তান মোছাঃ ইসরাত (১২) ও মোঃ নিখনকে (১০) সহ লাভলী খাতুনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি অটোভ্যানে করে ভাগিয়ে নিয়ে যান প্রেমিক মুকুল হোসেন। এ সময় লাভলী খাতুন ঘর থেকে নগদ ৪ লাখ টাকাও সাথে করে নিয়ে যান বলে পরিবারের দাবি।
এই নিখোঁজ ও অপহরণের ঘটনায় লাভলীর স্বামী মো. ঈসা বাদী হয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার মুকুল হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৪২) সহ মোট পাঁচজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
বর্তমানে দুই সন্তান ও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে চরম বিপাকে পড়েছেন স্বামী ঈসা। সন্তানদের দ্রুত উদ্ধার ও স্ত্রীর সন্ধান চেয়ে তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এআইএল/সকালবেলা
|