রংপুরের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই ফিরোজ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
রংপুরের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই ফিরোজ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের জুন-২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজজামান।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও গৌরবময় সনদ তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন-২০২৬ মাসে বিজ্ঞ আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট সফলভাবে তামিল, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা এবং পেশাদারিত্বের অনন্য স্বীকৃতিস্বরূপ এসআই ফিরোজজামানকে রংপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনকারীদের অভিনন্দন জানিয়ে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, "এসআই ফিরোজজামানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পীরগাছা থানার জন্যও বড় গর্বের বিষয়। আদালতের ওয়ারেন্ট তামিলে তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিরলস পরিশ্রমের ফলেই জেলা পর্যায়ে এই স্বীকৃতি মিলেছে।"

পুরস্কারপ্রাপ্ত এসআই ফিরোজজামান তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি পুলিশ সুপার মহোদয় ও পীরগাছা থানার ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন