‘টুম্বাড় ২’ সিনেমায় যোগ দিলেন আলিয়া ভাট

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
‘টুম্বাড় ২’ সিনেমায় যোগ দিলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম প্রশংসিত ও কাল্ট তকমা পাওয়া মাইথোলজিক্যাল হরর সিনেমা ‘টুম্বাড়’-এর সিক্যুয়েল নিয়ে সিনেমা প্রেমীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বড় এক চমকের মধ্য দিয়ে। বহুল প্রতীক্ষিত ও চর্চিত ‘টুম্বাড় ২’ সিনেমায় এবার আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন বলিউডের শীর্ষ তারকা অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সিনেমাটির প্রধান চরিত্র ও প্রযোজক সোহম শাহ (Sohum Shah) সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটের সাথে একটি ছবি প্রকাশ করে এই মেঘা খবরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়ার সাথে ফ্রেমবন্দি হয়ে সোহম শাহ লিখেছেন, “একটি নতুন অধ্যায়ের সূচনা। আলিয়া ভাটকে স্বাগত ‘টুম্বাড় ২’-এর জগতে। প্রলয় আসন্ন। দেখা হবে সিনেমা হলে।”

আলিয়ার মতো পাওয়ারহাউজ পারফর্মার এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ায় সিনেমাটির স্ক্রিপ্ট ও গভীরতা নিয়ে দর্শকদের কৌতূহল এখন আকাশচুম্বী। এর আগে নির্মাতারা একটি বিশেষ মোশন পোস্টার রিলিজ করে জানিয়েছিলেন যে, ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘টুম্বাড় ২’।

সিনেমার প্রথম পোস্টার শেয়ার করে এর আগে সোহম শাহ লিখেছিলেন, “এক পাপপূর্ণ অতীত, এক অশুভ ভবিষ্যৎ। ক্ষুধা বাড়ছে; লোভের উত্তরাধিকার অব্যাহত।” এর মাধ্যমে প্রথম পর্বের মতোই সিনেমাটির অন্ধকার, বৃষ্টিভেজা ও গা ছমছমে রহস্যময় আবহ ধরে রাখার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল।

‘টুম্বাড় ২’ এর ক্যানভাস নিয়ে সোহম শাহ বলেন, “টুম্বাড় আমার ক্যারিয়ার ও জীবনের সবচেয়ে বিশেষ একটি সিনেমা। এর দ্বিতীয় পর্বে আমরা সেই চেনা জগতকে আরও গভীর ও বড় পরিসরে রূপালী পর্দায় তুলে ধরতে চাই। দর্শকরা প্রথম সিনেমার যে পৌরাণিক আবহ, হস্তাড়ের লোককথা ও পরিবেশের সাথে যুক্ত হয়েছিলেন, সেটিকে শক্ত ভিত্তি করেই নতুন গল্প বোনা হয়েছে। চেনা অনুভূতি থাকলেও গল্প বলার ধরণ ও সিনেমাটোগ্রাফি হবে সম্পূর্ণ নতুন এবং আধুনিক।”

পেন স্টুডিওসের (Pen Studios) সহযোগিতায় সিনেমাটি প্রযোজনা করছে সোহম শাহ ফিল্মস এবং পরিবেশনার দায়িত্বে থাকছে পেন মারুধর। ‘টুম্বাড় ২’ পরিচালনার আসনে বসছেন প্রতিভাবান পরিচালক আদেশ প্রসাদ।

এই ছবিতে আলিয়ার পাশাপাশি আরও একটি অতীব গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্রে অভিনয় করবেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। আলিয়া ভাট এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো দুই ভিন্ন ধারার তুখোড় অভিনয়শিল্পীর যুগলবন্দীতে ‘টুম্বাড় ২’ ভারতীয় সিনেমার নতুন এক মাইলফলক হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

বলিউডের অন্য প্রান্তে, রূপালী পর্দার ‘ড্রিম গার্ল’ খ্যাত প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যতে যদি তাঁর বায়োপিক নির্মিত হয় তবে সেখানে নিজের চরিত্রে তিনি হাল আমলের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখতে চান।

মন্তব্য করুন