রোহিঙ্গা ভোটার করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৪ জন বরখাস্ত
মো. ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে সহায়তার অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন এবং তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিবন্ধনের উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জাতীয়তা ও পরিচয় সংক্রান্ত ভুয়া ও অসঙ্গতিপূর্ণ কাগজপত্র প্রস্তুত, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভোটার তালিকাভুক্তিতে সহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারসহ রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে তাঁদের বিরুদ্ধে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উথাপিত অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে গুরুতর প্রশাসনিক অনিয়ম ও অসদাচরণের শামিল। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় চেয়ারম্যান নাছির উদ্দিন এবং সংশ্লিষ্ট তিন সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন: ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাকের হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।
স্থানীয় সরকার বিভাগ থেকে ১২ জুলাই ২০২৬ তারিখে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন (স্মারক নম্বর: ৬০০, ৬০২, ৬০৪ এবং ৬০৬) জারি করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশের পর আলীকদমজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|