১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গৃহায়ণ মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
১০১টি পার্ক নির্মাণ করবে সরকার:  গৃহায়ণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের তীব্র সংকট নিরসনে সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা জাকারিয়া তাহের এ তথ্য জানান।

এদিন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য নুরুল ইসলামের লিখিত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন উপদেষ্টা।

গৃহায়ণ উপদেষ্টা জানান, দেশজুড়ে ১০১টি পার্ক নির্মাণের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

তিনি আরও জানান, রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে একটি পার্ক নির্মাণ এবং রামপুরা, খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকা ও খিলগাঁও পুনর্বাসন এলাকায় তিনটি খেলার মাঠের আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে খিলগাঁওয়ে ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ইতোমধ্যে চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া ঢাকার ফুসফুসখ্যাত ঐতিহাসিক রমনা পার্কের আধুনিকায়নের কাজ শেষ করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার তারাকান্দায় আরও একটি নতুন পার্ক নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে।

জাকারিয়া তাহের বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরায়ণ নিশ্চিত করতে সরকার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। যথাযথ গবেষণা ও সুপরিকল্পিত উপায়ে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে বহুতল ভবন নির্মাণে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এছাড়া পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার, আধুনিক প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ (রেন ওয়াটার হার্ভেস্টিং), নিজস্ব পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিতে সরকার সবাইকে উৎসাহিত করছে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন