শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব মোড়ে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করায় মিরপুর রোড ও প্রগতি সরণি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ পয়েন্টে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি, নীলক্ষেত ও আজিমপুরসহ আশপাশের বিশাল এলাকা জুড়ে তীব্র ও স্থবির যানজটের সৃষ্টি হয়। আকস্মিক এই অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা।

বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তাঁর করা মন্তব্যের কঠোর প্রতিবাদী স্লোগান শোনা যায়। শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, এবং ব্যঙ্গাত্মক সুর টেনে ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এর ওপর দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে দেশব্যাপী আরও কঠোর ও রাজপথের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন