স্টার্টআপে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ
স্টার্টআপে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের তরুণদের মেধা ও নতুন স্টার্টআপ ধারণা (আইডিয়া) নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ৫০০ কোটি টাকার একটি বিশেষ বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তরুণদের আশ্বস্ত করে বলেন, “আমাদের লক্ষ্য তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী ক্ষমতাকে এগিয়ে নেওয়া। আইসিটি মন্ত্রণালয়ের তহবিল থেকে যোগ্যতা ও সম্ভাবনা অনুযায়ী একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব আমরা।”

সবচেয়ে আশাপ্রদ বিষয় হলো, স্টার্টআপ ব্যবসায়িক ঝুঁকির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে, কোনো উদ্যোক্তা যদি প্রথমবার তাঁর স্টার্টআপে সফল হতে ব্যর্থ হন, কিন্তু প্রজেক্টের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল থাকে, তবে তাকে ঝরে পড়তে দেওয়া হবে না। সরকার তাকে দ্বিতীয়বারও ঘুরে দাঁড়ানোর জন্য অর্থ সহায়তা দেবে।

নতুন ও তরুণ উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে যে নানা ধরণের জামানত (সিকিউরিটি) বা কাগজপত্রের জটিলতায় পড়তে হয়, তা দূর করার চমৎকার এক উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এমন অনেক তরুণ উদ্যোক্তা আছেন, যাদের আইডিয়া দারুণ কিন্তু ব্যাংকের হ্যাসেল বা সিকিউরিটি দেওয়ার মতো সামর্থ্য নেই। তরুণদের যেন এই ধরনের হয়রানি বা আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে না হয়, সেজন্য একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী কিংবা রাজনৈতিক উপদেষ্টা থাকবেন না। এই নিরপেক্ষ কমিটিই সরাসরি উদ্যোক্তাদের প্রজেক্ট ও ফাইল মূল্যায়ন করে ফান্ডের অনুমোদন দেবে।”

এর আগে, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেগা সেমিনারে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে স্লোগান ও মিছিলে মিছিলে প্রধানমন্ত্রীকে ক্যাম্পাসে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

সরকারের এই সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগের ফলে দেশের আইটি সেক্টর ও নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এক অভূতপূর্ব জোয়ার আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রযুক্তি ও ব্যবসায়িক বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন