দুই মাসের শিশুর পা ভেঙ্গে দিল আপন চাচি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
দুই মাসের শিশুর পা ভেঙ্গে দিল আপন চাচি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীর পাইকারদী গ্রামে দুই মাসের এক নিষ্পাপ নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। পারিবারিক ক্ষোভের জেরে এমন নির্মম নির্যাতনের ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজ কিংবা বাথরুমে গেলেই শিশুটি হঠাৎ তীব্র চিৎকারে কেঁদে উঠত। দিনের পর দিন এমন অস্বাভাবিক ও বুকফাটা কান্নার কারণে মা সায়েবার মনে গভীর সন্দেহের দানা বাঁধে।

সন্দেহ দূর করতে মা সায়েবা কৌশলে ঘরের ভেতর একটি গোপন ক্যামেরা সচল রেখে বাথরুমে যান। পরবর্তীতে ক্যামেরার ফুটেজ চেক করতেই চাচির সেই রোমহর্ষক ও অমানুষিক নির্যাতনের চিত্র হাতেনাতে ধরা পড়ে, যেখানে দেখা যায় ঘুমন্ত শিশুটির ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। এই আক্রোশের জেরেই শিশুটির পা ভেঙে যায়।

নির্যাতিত শিশুর পরিবার জানায়, এই অকাট্য প্রমাণসহ অভিযুক্ত চাচির বিরুদ্ধে স্থানীয় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন