বাগেরহাটে গাঁজাসহ দুই যুবক আটক
মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের দশানি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৬-এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গত রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দশানি এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকেরা হলেন—মোংলা উপজেলার খরখরিয়া গ্রামের বিভাস মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৬) এবং মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের ইয়াসিন শেখ (২৬)।
র্যাব-৬ জানায়, রবিবার রাতে দশানি এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় জাহিদুল কবির সুজার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব। সেখানে তল্লাশি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই স্থান মিলিয়ে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মিঠুন মন্ডল সম্প্রতি বিয়ে করে গত দুই মাস ধরে জাহিদুল কবির সুজার বাড়িটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই নির্ঝঞ্ঝাট পারিবারিক আবহের আড়ালে ওই বাসাটিকে মাদক সংরক্ষণ ও জেলাজুড়ে সরবরাহের আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
র্যাব-৬ আরও জানায়, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য হোতাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|