কুবিতে জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান
কুবি প্রতিনিধি: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে আহত হওয়া ও সাহসিকতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত পাঁচ সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে আন্দোলনে আহত ও অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং স্থানীয় সহযোগীদেরও সংবর্ধনা জানানো হয়।
আজ রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কুবির মুক্তমঞ্চে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ৩৫ জন শিক্ষার্থী, ৫ জন সাংবাদিক, আন্দোলনে সহায়তাকারী ৮ জন স্থানীয় বাসিন্দা এবং অগ্রণী ভূমিকা রাখা আরও ২১ জন শিক্ষার্থীসহ মোট ৬৯ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানছুর আলম অন্তর, চ্যানেল আইয়ের সৌরভ সিদ্দিকী, দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, দৈনিক যুগান্তরের সাঈদ হাসান এবং ক্যাম্পাস টাইমসের আল শাহরিয়ার।
‘প্রতিরোধ দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনালগ্নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলনকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১০তম সভায় ১১ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
এআইএল/সকালবেলা
|