মাদারীপুরে প্রধানমন্ত্রীকে বরণে মানুষের ঢল

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে বরণে মানুষের ঢল

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: সড়কপথে দক্ষিণবঙ্গ সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে আজ সোমবার (১৩ জুলাই) ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে মহাসড়কের পাশে জড়ো হন হাজার হাজার মানুষ।

সকাল থেকেই মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে অবস্থান নেন। সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরপাল্লার বিশেষ গাড়িবহর মস্তফাপুর এলাকা অতিক্রম করে। এ সময় প্রধানমন্ত্রী চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতার অভিবাদনের জবাব দেন। উপস্থিত হাজারো জনতাও হাত নেড়ে ও স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাদারীপুরের এই গণজমায়েতে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ অঙ্গ-সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ।

মস্তফাপুর ছাড়াও ডাসার উপজেলার ভাঙা ব্রিজ এবং কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গাড়িবহর জেলা অতিক্রম করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন