ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ বরিশাল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর আগমনী বার্তায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও আশপাশের দূরদূরান্তের এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ দলে দলে মিছিল নিয়ে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঐতিহ্যবাহী ভাঙ্গা গোলচত্বরে এসে সমবেত হতে থাকেন। প্রিয় প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে আসা মানুষের উপচে পড়া ঢলে পুরো এলাকা মুহূর্তেই এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
সকাল ঠিক ৭টা ৫০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় গাড়িবহর ভাঙ্গা গোলচত্বর অতিক্রম করার ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এ সময় সমবেত জনতা "স্বাগতম প্রধানমন্ত্রী", "তারেক রহমান এগিয়ে চলো" এবং "ফরিদপুর-৪ আসনে মন্ত্রী চাই, শহিদুল ইসলাম বাবুল ভাইকে মন্ত্রী চাই"—এমন হর্ষধ্বনি ও রকমারি রাজনৈতিক স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ করতালি, হাত নেড়ে এবং নিজেদের মোবাইল ফোনে ওনার ক্ষণিক মুহূর্তের ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকেই নির্ধারিত স্থানগুলোতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়েছিলেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি বর্ণিল উৎসবের রূপ নেয়।
ভাঙ্গা গোলচত্বরে দাঁড়িয়ে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে ভাঙ্গার সর্বস্তরের মানুষ সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাতে রাজপথে উপস্থিত হয়েছেন। জনগণের এই অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মূলত দেশের সামগ্রিক সুশাসন, চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতি ওনাদের গভীর আস্থার এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে নতুন বাংলাদেশের উন্নয়ন আগামীতে আরও বেশি বেগবান ও গতিশীল হবে।"
অনুরূপ অনুভূতি ব্যক্ত করে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, "আমাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভাঙ্গার সর্বস্তরের মানুষ আজ ওনাদের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।"
অনুষ্ঠানে অংশ নেওয়া জাতীয়তাবাদী যুবদলের এক কর্মী আবেগপ্লুত হয়ে বলেন, "আজকের দিনটি আমাদের রাজনৈতিক জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রথমবারের মতো প্রিয় নেতার গাড়িবহর এত কাছ থেকে দেখার সুযোগ পেলাম। ওনার হাত ধরেই দেশ আরও সমৃদ্ধ হবে।"
রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকেও প্রধানমন্ত্রীকে একনজর দেখতে আসা স্থানীয় এক সাধারণ পথচারী বলেন, "রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছি। এত মানুষের সুশৃঙ্খল উপস্থিতি দেখে সত্যিই খুব ভালো লেগেছে। পুরো পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন।"
এদিকে, প্রধানমন্ত্রীর এই অতিগুরুত্বপূর্ণ সফর ও ভিভিআইপি মুভমেন্টকে কেন্দ্র করে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোলচত্বর এবং ঢাকা-খুলনা মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ও সংযোগস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। মহাসড়কে সাধারণ যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আগে থেকেই প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সার্বিক পরিস্থিতি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর।
|