সৈয়দপুরে নির্যাতনের বিরুদ্ধে মটর শ্রমিকদের বিক্ষোভ
মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারী জেলার পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি, অনুমোদনহীন উপ-কমিটি গঠন এবং সাধারণ শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বাস-ট্রাক-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০)। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করা না হলে জেলাজুড়ে পরিবহন ব্যবস্থা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
আজ রোববার (১২ জুলাই) সকাল ১১টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত পরিবহন শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৪৪৬)-এর নামে বিভিন্ন বাস কাউন্টার ও স্ট্যান্ডে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়াই বিভিন্ন উপজেলায় উপ-কমিটি গঠন করে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এসবের প্রতিবাদ করলে সাধারণ শ্রমিকদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থল থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “আমরা বৈধভাবে নিবন্ধিত সংগঠন হলেও একটি মহল অবৈধভাবে উপ-কমিটি গঠন করে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে আমরা শ্রম পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট দপ্তরে গত ৩০ মার্চ, ১৭ মে ও ৭ জুলাই লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি।”
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ জুলাই কিশোরগঞ্জ উপজেলায় জোরপূর্বক চাঁদা আদায়কে কেন্দ্র করে পরিবহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে ইউএনও-র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই নির্দেশনা অমান্য করে পুনরায় চাঁদাবাজি শুরু হয়েছে। এছাড়া সৈয়দপুরে একটি বাস কাউন্টারকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
বক্তারা বলেন, নীলফামারীর আটটি উপজেলার হাজারো যাত্রী প্রতিদিন এই সড়কপথে যাতায়াত করেন। প্রশাসন দ্রুত এই অবৈধ চাঁদাবাজি বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|