নারী কেলেঙ্কারির অভিযোগে এসআই ক্লোজ
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: নারী কেলেঙ্কারির অভিযোগে ব্যাপক সমালোচিত বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
গতকাল রবিবার (১২ জুলাই) বিকেলে তাঁকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ধুনট থানায় আইনি সেবা নিতে আসা এক প্রবাসীর স্ত্রীকে এসআই মোস্তাফিজ আপত্তিকর ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই নারীর সঙ্গে এসআই মোস্তাফিজের মোবাইল ফোনে কথোপকথনের একটি আপত্তিকর অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সচেতন মহল ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশ প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাঁকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল শুকুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশাসনিক কারণে এসআই মোস্তাফিজকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এসআই মোস্তাফিজ ২০২৫ সালের ডিসেম্বর মাসে ধুনট থানায় যোগদান করেছিলেন। এর আগে তিনি বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন। সেখানেও এক নারীকে কুপ্রস্তাব ও অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ওই ঘটনার জের ধরেই তাঁকে ধুনট থানায় বদলি করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এআইএল/সকালবেলা
|