গাজীপুরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে নাছিমা আক্তার (২৭) নামে এক পোশাকশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছেন।
গত রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার মজনু মিয়ার ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
নিহতের ভাই মাসুম আহমেদ জানান, তিনি বোনের বাসার কাছেই অন্য একটি বাড়িতে থেকে গার্মেন্টসে চাকরি করেন। রাত সাড়ে ৩টার দিকে নাছিমার বাসার অন্য ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বোনকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় মেঝেতে ছটফট করতে দেখেন। এ সময় তাঁর ভগ্নিপতি সাইদুলকে ঘরে পাওয়া যায়নি। পরে প্রতিবেশীদের সহায়তায় নাছিমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাসুম আরও জানান, বিয়ের প্রথম কয়েক বছর দাম্পত্য জীবন ভালো কাটলেও সম্প্রতি সাইদুল মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মূলত দুটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই নাছিমা সব কষ্ট সহ্য করে সংসার টিকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাদকাসক্ত স্বামীই তাঁর বোনকে নৃশংসভাবে হত্যা করল।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, নাছিমা নামের ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তখনই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এআইএল/সকালবেলা
|