হবিগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। পানিবন্দি ও দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছে বিজিবি।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলের সুজাতপুর ইউনিয়নের বাল্লা এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বন্যা পরিস্থিতির কারণে বানিয়াচংয়ের অনেক এলাকা সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেসব পানিবেষ্টিত ও দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে বিজিবির পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসুস্থ বানভাসি মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এই মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এবং শ্রীমঙ্গল ক্যাম্পের এসএমও ও মেডিক্যাল অফিসার মেজর ইদি আমীন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চরম দুর্ভোগ লাঘবে ৫৫ বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে আমাদের চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার এই আধুনিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে যেসব পানিবন্দি এলাকায় কাদার স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে নৌকা পৌঁছাতে দেরি হচ্ছে, সেখানে মুহূর্তের মধ্যে শুকনো খাবার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আটকে পড়া মানুষেরা।
এআইএল/সকালবেলা
|