সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রান্নার জন্য আলমারি থেকে পেঁয়াজ আনতে গিয়ে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহানাজ ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো ঘরের রান্না করছিলেন শাহানাজ। দুপুর ১২টার দিকে রান্নার সুবিধার্থে ঘরের একটি আলমারি থেকে পেঁয়াজ নিতে হাত বাড়ালে ভেতরে ওত পেতে থাকা একটি বিষাক্ত সাপ তাঁর হাতে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে ওঝা বা কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করে সময়ক্ষেপণ করেন। পরে অবস্থার অবনতি হলে দুপুর আড়াইটার দিকে তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছিল। অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা চলাকালীন বিকেলেই তাঁর মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিহতের স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে খবর পেয়ে পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|