সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকায় মাওলানা মামুনুল হকের ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের দস্তিদারহাট, কেওচিয়া ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগ ও জরুরি প্রয়োজন সম্পর্কে অবহিত হন এবং সংগঠনের চলমান ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
আজ সোমবার (১৩ জুলাই) তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের এসব দুর্গত এলাকা পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় মাওলানা মামুনুল হক বন্যাকবলিত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, "এই দুর্যোগের কঠিন সময়েও আপনারা একা নন। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের পাশে রয়েছে এবং ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার প্রত্যয় অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের পাশাপাশি দেশের বিত্তবান শ্রেণী, সামাজিক ও মানবিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের প্রতি বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের আওতায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের চাহিদা অনুযায়ী আরও লজিস্টিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এই সফরে আমীরে মজলিসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরুদ্দিন মুনির এবং মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা বিভিন্ন স্পটে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের দ্রুত দুর্ভোগ লাঘব এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করেন।
এআইএল/সকালবেলা
|