রাজশাহীতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
রাজশাহীতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ৫ শতাংশ বিলম্বজনিত আইনি পাওনা বিগত ১৬ বছর ধরে পরিশোধ না করে উল্টো নতুন রিটের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করার অপচেষ্টা চালাচ্ছে গ্রামীণফোন—এই অভিযোগ এনে রাজশাহীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহীর সাগরপাড়া বটতলা মোড়ে ওয়ালটন শোরুমের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১১ সালে শিল্প প্রতিষ্ঠান (Industrial Undertaking) সংক্রান্ত এসআরও-কে (SRO) চ্যালেঞ্জ করে গ্রামীণফোন যে রিট দায়ের করেছিল, পরবর্তীতে আইনি ভিত্তি না থাকায় তা তারা প্রত্যাহার করে নেয়। কিন্তু রিট প্রত্যাহারের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আইনি পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। এখন এই বকেয়া পরিশোধের বিষয়টিকে আরও দীর্ঘায়িত করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করতে একই ইস্যুতে পুনরায় উচ্চ আদালতে নতুন রিট দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও অন্যায়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০১০ সালের এসআরও-কে পুনরায় চ্যালেঞ্জ করার এই করপোরেট চালবাজি শুধু গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদেরই ক্ষতিগ্রস্ত করবে না; বরং দেশের সমগ্র টেলিযোগাযোগ খাতে কর্মরত বর্তমান ও ভবিষ্যৎ কর্মকর্তা-কর্মচারীদের শ্রম আইনে স্বীকৃত মৌলিক অধিকারের ওপর মারাত্মক আঘাত হানবে। পুরো টেলিকম খাতের শ্রমিকদের স্বার্থ ও রাষ্ট্রীয় শ্রম আইন রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর হস্তক্ষেপ করার আহ্বান জানান তাঁরা।

দীর্ঘদিন ধরে চলে আসা এই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মানববন্ধনে অভিযোগ করা হয়, ন্যায্য ও আইনসম্মত দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে প্রশাসনিক বাধা ও পুলিশি হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়েছে। এমনকি গভীর রাতে বাসা থেকে গ্রেপ্তার এবং ভিত্তিহীন মিথ্যা মামলার শিকারও হয়েছেন অনেকে। এতকিছুর পরও তাঁরা দেশের আইন, সংবিধান এবং বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

উক্ত মানববন্ধনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গ্রামীণফোনের শত শত সাবেক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং রাজশাহীর সুশীল সমাজের সচেতন নাগরিকরা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন