যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য বাধ্যতামূলক

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য বাধ্যতামূলক

কূটনৈতিক প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোর এক নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এখন থেকে মার্কিন ভিসার আবেদন ফরমে আবেদনকারীর ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের (Social Media) অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।

আজ সোমবার (১৩ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষ এক সতর্ক বার্তায় মার্কিন দূতাবাস এই নতুন নিয়মের কথা জানিয়েছে।

দূতাবাসের বার্তায় স্পষ্ট বলা হয়েছে, মার্কিন ভিসার জন্য আবেদনকারীদের ‘ডিএস-১৬০’ (DS-160) আবেদন ফরমে বিগত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম (Username) বা হ্যান্ডেল নিখুঁতভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হলে বা কোনো ভুল তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন সরাসরি বাতিল বা প্রত্যাখ্যান করা হতে পারে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও ওই আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

দূতাবাস আরও মনে করিয়ে দেয় যে, আবেদনকারীরা যখন আবেদনপত্র জমা দেন, তখন তাঁরা সেখানে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই তাতে ডিজিটাল স্বাক্ষর করেন। সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য লুকিয়ে বা মিথ্যা তথ্য প্রদান করে প্রকারান্তরে মার্কিন আইনের কাছে জালিয়াতি হিসেবে গণ্য হবে। তাই ভিসা প্রত্যাশীদের ফরম পূরণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সব অ্যাকাউন্টের সঠিক লিংক ও ইউজারনেম জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন