ইসলামী ব্যাংক হোসেনপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক হোসেনপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শাহীন আহমেদ, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ‘ব্যাংক সেবা মাস’ উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর শাখার উদ্যোগে আজ সোমবার (১৩ জুলাই) শাখা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মুবীনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মো. বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন শাখার ম্যানেজার (অপারেশন্স) ও এসপিও আবু ইউসুফ মো. মহিউদ্দিন।

সমাবেশে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন হোসেনপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক এডিএম মুহিবুল্লাহ, বিশিষ্ট শিক্ষক মো. আমিনুল হক, বিশিষ্ট গ্রাহক কাজী মো. আবুল কালাম এবং মো. রহমত আলীসহ আরও অনেকে। বক্তারা ইসলামী ব্যাংকের আধুনিক ও আন্তরিক গ্রাহকসেবার ভূয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেবার এই ধারাবাহিক মান বজায় রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলায়েত হোসেন বলেন, "ইসলামী ব্যাংকের মূল চালিকাশক্তি হলো শতভাগ শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। এটিই যুগ যুগ ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

সভাপতির বক্তব্যে শাখা প্রধান মো. মুবীনুল ইসলাম বলেন, "ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও শক্তিশালীভাবে তাদের ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের তারল্য ও সেবা নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি সম্মানিত গ্রাহকদের অনুরোধ জানাচ্ছি।"

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হোসেনপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. হাবিবুর রহমান। সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন