মালদ্বীপে কারাগার পরিদর্শন করে বন্দি বাংলাদেশিদের খোঁজ নিলেন হাইকমিশনার
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির মাফুশি কারাগার পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
আজ সোমবার (১৩ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক অফিশিয়াল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মাফুশি কারাগারে যান। সেখানে তাঁরা বিভিন্ন অপরাধে ও আইনি জটিলতায় দীর্ঘ দিন ধরে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। পরিদর্শনকালে বন্দিদের সার্বিক শারীরিক অবস্থা, বর্তমান সমস্যা ও আইনি প্রয়োজনীয়তার বিষয়ে গভীর খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি তাঁদের উন্নত চিকিৎসাসেবা, আবাসন ব্যবস্থা, নিয়মিত খাদ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধাগুলোও সরেজমিনে পর্যালোচনা করে প্রতিনিধি দলটি।
কারাগার পরিদর্শন শেষে হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশি বন্দিদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও মানবাধিকার শতভাগ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
একই সাথে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ঝুলে থাকা ‘বন্দি স্থানান্তর চুক্তি’ (Prisoner Swap Agreement) দ্রুত চূড়ান্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। হাইকমিশন জানায়, এই চুক্তিটি দ্রুত বাস্তবায়িত হলে মানবিক বিবেচনায় মালদ্বীপে সাজাপ্রাপ্ত বা আটক বন্দিদের নিজ দেশে স্থানান্তর এবং সেখানে তাঁদের পুনর্বাসনের এক বিশাল সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ হাইকমিশন তাদের বার্তায় পুনরায় ব্যক্ত করেছে যে, মালদ্বীপে অবস্থানরত বৈধ কিংবা অবৈধ—সকল বাংলাদেশি নাগরিকের আইনি সুরক্ষা, মানবিক মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো সংকটে প্রবাসীদের পাশে থাকতে কাজ করে যাচ্ছে।
এআইএল/সকালবেলা
|