সিরিয়ায় বসল নতুন সংসদ অধিবেশন

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ণ
সিরিয়ায় বসল নতুন সংসদ অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অধিবেশনে বসেছে নতুন সংসদ। 

আজ রবিবার (১২ জুলাই) রাজধানী দামেস্কে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ঐতিহাসিক সংসদ অধিবেশন শুরু হয়।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপস্থিতিতে নতুন আইনপ্রণেতারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এরপর স্পিকার নির্বাচনের মাধ্যমে সংসদের মূল কার্যক্রম শুরু হয়। ২২০ সদস্যবিশিষ্ট এই সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য জনগণের ভোটে নির্বাচিত এবং বাকি সদস্যরা প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কর্তৃক মনোনীত হয়েছেন।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহী জোট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ১৯ মাস পর এই নতুন সংসদ যাত্রা শুরু করল। একে দেশটির রাজনৈতিক ও গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

দামেস্কের সংসদ ভবনে দেওয়া এক আবেগঘন ভাষণে প্রেসিডেন্ট শারা আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, “এই কাউন্সিলকে আপনারা দায়িত্বশীলতা, সততা ও যোগ্যতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলুন। এখন থেকে এই সংসদ হবে সত্য ও ন্যায়ের মূল মঞ্চ।”

তিনি আরও বলেন, “সিরিয়া আজ এক গৌরবময় নতুন ইতিহাস রচনা করছে, যা আমাদের জনগণের বীরত্ব ও ত্যাগের প্রতিফলন। আমাদের সামনে এখন ধ্বংসস্তূপ থেকে নতুন জাতি ও নাগরিক উভয়কেই পুনর্গঠন করার এক বিশাল দায়িত্ব রয়েছে।”

গত কয়েক দশক ধরে আসাদ পরিবারের চালানো একটি কঠোর পুলিশি রাষ্ট্রে সিরিয়ার আইনসভাকে কেবল নামমাত্র বা ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে ব্যবহার করা হতো। সেই সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও বৈষম্যহীন নতুন শাসনব্যবস্থা গড়ে তোলার যে প্রতিশ্রুতি আহমেদ আল-শারা দিয়েছিলেন, এই সংসদকে মূলত তারই একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন