দেশে ফিরলেই কারাগারে যাবেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
দেশে ফিরলেই কারাগারে যাবেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হলে শেখ হাসিনার আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

আজ রোববার (১২ জুলাই) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, “বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এখন তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তবে তাঁর নিজের ইচ্ছায় দেশে ফেরার কোনো সুযোগ নেই। হয় দুই দেশের প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় তাঁকে পুশব্যাক করা হবে। যেকোনো প্রক্রিয়াতেই হোক, দেশে প্রবেশ করা মাত্রই তাঁকে বন্দি হিসেবে গ্রহণ করা হবে।”

সম্প্রতি ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।

শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, সরকার কূটনৈতিক চ্যানেলে তাঁকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনগত প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের দেশের বিচারিক ইতিহাসে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজির নেই। সুতরাং, শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আনা হয় বা তিনি নিজে আসেন, তবে স্বাভাবিক নিয়মেই তিনি সরাসরি কারাগারে যাবেন। জেলে যাওয়ার পর তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন কি না, তা পরবর্তী আইনি শুনানিতে নির্ধারিত হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন