বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী, বুকে জড়িয়ে নিলেন হেফাজত আমিরকে

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী, বুকে জড়িয়ে নিলেন হেফাজত আমিরকে

বিশেষ প্রতিবেদন: চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের অংশ হিসেবে আয়োজিত এই মতবিনিময় সভায় দেশের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন বিশিষ্ট আলেম অংশ নিচ্ছেন। সভায় ধর্মীয় শিক্ষা, সামাজিক কল্যাণ ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ফটিকছড়িতে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলেমদের নিয়ে আয়োজিত সভায় অংশ নেন।

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন