চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া বন্ধের তাগিদ
অনলাইন ডেস্ক:দেশের বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা বন্ধে দেশে উপযুক্ত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন,“আমাদের দেশের বিপুল জনসংখ্যা উন্নত চিকিৎসার আশায় দেশের বাইরে যাচ্ছে। রোগীরা যাতে দেশেই সব ধরনের আধুনিক চিকিৎসা পায় এবং তাদের যেন দেশের বাইরে যেতে না হয়, আমাদের সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অথচ আমাদের অতীত ইতিহাস ভিন্ন ছিল; ষাটের দশকে ভারতীয় রোগীরাও উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে আসত।”
চিকিৎসকদের মূল্যায়নে রাজনীতিকরণের বিরোধিতা:স্বাস্থ্য খাতে চিকিৎসকদের নিয়োগ ও মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে দূরে রাখার আহ্বান জানান রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, মানুষের বাঁচা-মরার প্রশ্নের ক্ষেত্রে কোনোভাবেই রাজনীতির প্রশ্ন আসতে পারে না। শুধু রাজনৈতিক আদর্শ বা সংশ্লিষ্টতার কারণে চিকিৎসকদের বিবেচনা করা যাবে না, বরং দেশের সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসকদের প্রকৃত মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।
ঘাটতি পূরণে সরকারের চেষ্টা:দেশের চিকিৎসা সেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, দেশের বর্তমান চিকিৎসা খাতে যে সমস্ত ঘাটতি বা সীমাবদ্ধতা রয়েছে, সেসব দ্রুত পূরণ করতে পারলে সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি ও সেবার অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান সরকার দেশের স্বাস্থ্য খাতের এই ঘাটতিগুলো দূর করে আধুনিকায়নের আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।
|