দেরিতে এইচএসসির প্রশ্ন বিতরণ: এসিল্যান্ড প্রত্যাহার
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, দায়িত্বে অবহেলার কারণে শাহানাজ পারভীনকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। তবে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রশ্নপত্র না পৌঁছানোয় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। পরীক্ষা শেষে তারা বিষয়টি প্রশাসনের নজরে আনেন।
ঘটনার পর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তবে এ বিষয়ে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রসচিবের স্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার সত্যতা মিলেছে। জেলা প্রশাসনের প্রতিবেদন শিক্ষা বোর্ডের হাতে পৌঁছেছে। আগামী রোববার বোর্ডের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|